সান ইয়াড গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন ফারুক ও তার স্ত্রীকে তাদের যাবতীয় সম্পদের হিসাব চেয়ে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার দুদকের উপপরিচালক শেখ মো. ফানাফিল্যা স্বাক্ষরিত এ সংক্রান্ত পৃথক নোটিশ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে বলে দুদকের একটি সূত্র জানিয়েছে।
নোটিশে তাদেরকে আগামী সাত দিনের মধ্যে নিজেদের ও নির্ভরশীল ব্যক্তিদের স্বনামে/বেনামে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদ, দায়-দেনা এবং আয়ের উত্সসহ বিস্তারিত সম্পদ বিবরণী দুদকের সচিব বরাবর দাখিল করতে বলা হয়েছে।
নোটিশে আরো বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে কিংবা মিথ্যা সম্পদ বিবরণী দাখিল করলে ২০০৪ সালের দুদক আইনের ২৬ ধারার (২) উপধারা মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দুদক সূত্র জানায়, দুদকের প্রাথমিক অনুসন্ধানে গ্রুপের চেয়ারম্যান ও একই গ্রুপের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. দেলোয়ার হোসেন ফারুক এবং তার স্ত্রী মিসেস ফেরদৌস আরা ববির বিরুদ্ধে স্বনামে/বেনামে বিপুল পরিমাণ জ্ঞাতআয় বহিভূর্ত সম্পদের খোঁজ পাওয়ায় হিসাব চাওয়া হয়েছে।
