সোমবার সন্ধ্যায় রাজধানীর সবুজবাগ থানা এলাকায় সাদিয়া সালাম (১৪) নামে এক স্কুলছাত্রীর লাশ ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলে থাকা উদ্ধার করা হয়। সে ভিকারুননিসা নূন স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
সবুজবাগের কদমতলা এলাকায় সাদিয়াদের বাসা। তার বাবা আবদুস সালাম ইতালিপ্রবাসী। সাদিয়ার মামা চপল জানান, গতকাল বিকেলে সাদিয়ার মা পপি আক্তার ছোট মেয়েকে কোচিংয়ে পৌঁছে দিতে যান। সন্ধ্যা ছয়টার দিকে বাসায় ফিরে ঘরের দরজা বন্ধ পান। ডাকাডাকি করে সাড়া না পেয়ে তিনি জানালা দিয়ে তাকিয়ে মেয়ের ঝুলন্ত দেহ দেখেন। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে মেয়েকে উদ্ধার করে সন্ধ্যা সোয়া সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা পরীক্ষা করে মেয়েটিকে মৃত ঘোষণা করেন।
