কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির ও সেক্রেটারিসহ ৩৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামাসহ ৮৯ জামায়াত-শিবির নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে থানায় মামলা হয়েছে। পুলিশ এ ঘটনায় সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে আটজনকে আটক করেছে। মঙ্গলবার দুপুরে আটককৃতদেরকে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হরতাল চলাকালে জেলার চৌদ্দগ্রাম বাজার এলাকায় সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত বিভিন্ন ভবনের উপর থেকে একই সময়ে ককটেল ফাঁটিয়ে জনমনে আতংক সৃষ্টি করা হয়। এ ঘটনায় উপজেলা জামায়াতের আমির সাহাব উদ্দিন, সেক্রেটারি শাহ মিজানুর রহমানসহ ৩৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামাসহ ৮৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা হয়েছে। থানার এসআই ত্রিনাথ সাহা বাদী হয়ে সোমবার গভীর রাতে থানায় মামলা দায়ের করেন।
এসআই ত্রিনাথ সাহা জানান, সোমবার রাতে ও মঙ্গলবার ভোরে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটজনকে আটক করে। আটককৃতরা হচ্ছেন- উপজেলার চাটিতলা গ্রামের পুত্র শাহিন আলমগীর (২০), তানবির আহম্মদ রাজিব (২০), কামরুল হাসান (২৫), রামরায় গ্রামের রবিউল আলম রুবেল (২৪), সোহেল রানা (২০), সাইফুল ইসলাম (২০), তারেক হোসেন বাপ্পি (২৪) ও জয়ন্তিনগরের ইকরামুল হক (২২)।
