মিরপুরে মা-ছেলে খুন, বাবা আটক

আপডেট : ০৫ নভেম্বর ২০১৪, ২১:৪০
 
 
রাজধানীর মিরপুরে মধ্যপাইকপাড়ার একটি বাড়িতে মা ও ছেলে খুন হয়েছে। বুধবার রাতে ঐ বাড়ি থেকে পুলিশ মা ও ছেলের লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশ নিহত আইরিন আক্তার আরজুর (৩২) স্বামী আমানুল্লাহ আমানকে আটক করেছে। আটক আমানুল্লাহ পূবালী ব্যাংকের সিনিয়র অফিসার।
মিরপুর থানার ওসি সালাউদ্দিন জানান, রাত ৮ টার দিকে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঐ ৬৭/এ নম্বর বাড়িতে যায়। ঐ বাড়ির চারতলার ফ্ল্যাটের বেডরুমে আইরিন আক্তার আরজু ও তার ৭ বছরের ছেলে সাবিদের লাশ উদ্ধার করে। পুলিশ ধারণা করছে, তাদেরকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। প্রাথমিকভাবে আরজুর স্বামীর অসংলগ্ন কথাবার্তার প্রমাণ পেলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।