স্ত্রী ও শিশুসন্তানের হত্যাকারী সন্দেহে ব্যাংক কর্মকর্তা আটক

আপডেট : ০৬ নভেম্বর ২০১৪, ০৪:১২

বুধবার রাতে রাজধানীর মিরপুরের মধ্য পাইকপাড়ার একটি বাসায় গৃহবধূ আইরিন আক্তার (৩০) ও তাঁর আট বছরের ছেলে সাবিত হোসেনকে খুন করা হয়েছে। পুলিশ এ ঘটনায় আইরিনের স্বামী আমানুল্লাহকে আটক করেছে। আমানুল্লাহ পূবালী ব্যাংকের একজন কর্মকর্তা।

প্রতিবেশী সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আমানুল্লাহ বাসার সামনে চিৎকার করে বলতে থাকেন, তাঁর স্ত্রী ও ছেলে বিছানায় নিথর পড়ে আছেন। চিৎকার শুনে তিনি ও তাঁর শাশুড়িসহ অন্যান্য বাসিন্দারা গিয়ে দেখেন, বাসার বাইরে থেকে সিটকিনি লাগানো। তাঁরা শোবার ঘরে ঢুকে দেখেন, আইরিন ও তাঁর ছেলে বিছানায় নিস্তেজ পড়ে আছেন। আইরিনকে প্রতিবেশীরা ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সাবিতকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান আমানুল্লাহ। চিকিৎসকেরা মা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।
আইরিনের চাচা ইউনুস হাওলাদারের অভিযোগ, আমানুল্লাহই স্ত্রী ও সাবিতকে শ্বাসরোধে হত্যা করেছেন। হত্যাকাণ্ডের সাক্ষী না রাখতেই ছেলেকে হত্যা করা হয়। তিনি খবর দিলে পুলিশ এসে সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে আমানুল্লাহকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার নিশারুল আরিফ বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে আমানুল্লাহ স্ত্রী ও সন্তানকে শ্বাসরোধে হত্যা করেছেন। মাঝেমধ্যে আমানুল্লাহ স্ত্রীকে মারধর করতেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ পর্যন্ত জিজ্ঞাসাবাদে আমানুল্লাহ হত্যার কথা অস্বীকার করেছেন বলে জানায় পুলিশ। কিন্তু থানায় আমানুল্লাহকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি।