মেহেরপুরে জামায়াত-শিবিরের ১০ জন আটক

আপডেট : ০৬ নভেম্বর ২০১৪, ১৩:২১

মেহেরপুরের তিনটি থানা পুলিশ বৃহস্পতিবার ভোর রাতে অভিযান চালিয়ে জামায়াত-শিবির কর্মী-সমর্থক ১০ জনকে আটক করেছে। এর মধ্যে সদর থানায় ২ জন, মুজিবনগর থানায় ৩ জন ও গাংনী থানায় ৫ জনকে আটক করে। হরতালে নাশকতা প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে এই আটক অভিযান চালানো হয় বলে জানিয়েছেন মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার শেখ।
আটককৃতরা হলেন- মেহেরপুর শহরের বোসপাড়ার জাহিদুল ইসলাম ওরফে সজল (২২), স্টেডিয়াম পাড়ার সোহেল রানা (৩০), বন্দরের রবিউল ইসলাম (৪০), মুজিবনগর উপজেলার রামনগরের হাবিবুর রহমান (২০) ও উমর আলী (২৬), গাংনী উপজেলার কাষ্টদহের হাউস আলী (২৭), কাথুলীর মহব্বত মালিথা (৩০), ষোলটাকার ইনসারুল ইসলাম (২৫), চৌগাছার রিপন হোসেন (৩৫) ও হাফিজুল ইসলাম (২৮)।
আটক হওয়াদের ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে বলে জানান গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম।