চাঁপাইনবাবগঞ্জের জোহুরপুর সীমান্তে লিটন (১৪) নামের এক শিশুকে পিটিয়ে হত্যা করেছে বিএসএফ। নিহত লিটন সদর উপজেলার নায়ানপুর ইউনিয়নের জোহুরপুর বেলপুর গ্রামের আনারুল হকের ছেলে।
বিজিবি ও স্থানীয়রা জানায়, গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে লিটন ও অন্য এক কিশোর জোহুরপুর সীমান্তের নোম্যান্স ল্যান্ড এলাকায় কলাইয়ের জমিতে ঘাস কাটতে গিয়ে ভারতীয় অংশে ঢুকে পড়ে। এ সময় ভারতের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে লিটনকে ধরে ফেলে। পরে তাকে পিটিয়ে মারাত্মকভাবে জখম করে ছেড়ে দিলে সে বাংলাদেশে ফেরার পথে মারা যায়। বিজিবি সীমান্ত এলাকা থেকে তার লাশ উদ্ধার করে। চাঁপাইনবাবগঞ্জস্থ বিজিবি’র ৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আবু জাফর শেখ মোহাম্মদ বজলুল হক জানান, ২০ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডেন্টকে মৌখিকভাবে প্রতিবাদ জানানো হয়েছে। সেই সাথে পতাকা বৈঠকের আহবান জানিয়ে বিএসএফকে পত্র দেয়া হচ্ছে।
নাগেশ্বরী সীমান্তে বিএসএফের
ধাওয়ায় পানিতে ডুবে
বাংলাদেশি নিখোঁজ
নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা জানান, সীমান্তে বিএসএফের ধাওয়ায় পানিতে ডুবে এক বাংলাদেশি নিখোঁজ হয়েছে। গতকাল বৃহস্পতিবার নারায়ণপুর অষ্টআশির ঘাট গ্রামের আব্দুল আউয়াল ও কায়ছার গবাদি পশুর ঘাস কাটতে আন্তর্জাতিক পিলার ১০৪১ এর পাশে গেলে বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাদেরকে ধাওয়া করে। এ সময় আত্মরক্ষায় দুই জনই ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দেয়। পরে কায়ছার নদী সাঁতরে ফিরে আসলেও আউয়াল গতকাল রাত সাড়ে সাতটা পর্যন্ত নিখোঁজ রয়েছেন। ইউপি সদস্য আব্দুর রহিম জানান, তারা দুই জনই কৃষক। ঘাস কাটতে সীমান্তে গেলে এ ঘটনা ঘটে।
কুড়িগ্রাম ৪৫ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর হেমায়েতুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিখোঁজ বাংলাদেশির অবস্থান সর্ম্পকে জানতে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
