রাজধানীতে পৃথক দুর্ঘটনায় চারজনের মৃত্যু

আপডেট : ০৮ নভেম্বর ২০১৪, ০০:৫১

রাজধানীর পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদের মধ্যে উত্তরায় প্রাইভেটকারের ধাক্কায় দুজন, বনানীতে বাসচাপায় একজন এবং খিলক্ষেতে বাসচাপায় একজন নিহত হয়েছেন। বিমানবন্দর থানা সূত্রে জানা গেছে শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে উত্তরার স্কলাস্টিকা স্কুলের সামনে একটি প্রাইভেটকারের ধাক্কায় পিকআপ ভ্যানের চালক হারুন আকন্দ (৫০) ও তার সহযোগী আক্তার (২০) নিহত হন। তাদের পিকআপ নষ্ট হওয়ায় রাস্তার পাশে গাড়ি রেখে ঠিক করছিলেন। এসময় দ্রুত গতিতে আসা একটি প্রাইভেটকার দুইজনকে চাপা দেয় বলে জানা গেছে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এই ঘটনায় প্রাইভেটকারটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে বিমানবন্দর থানা পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় বনানী কবরস্থান এলাকায় বাসচাপায় মাহবুব মারিয়া (২২) নামের এক হিজড়া এবং খিলক্ষেত কুড়িল বিশ্বরোডে বাসচাপায় সাইফুল ইসলাম (২৫) নামে এক যুবক মারা গেছেন। রাস্তা পার হওয়ার সময় তারা বাসের নিচে চাপা পড়েন বলে পুলিশ জানিয়েছে।