স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মো নাসিম বলেছেন, পাঁচ জানুয়ারির নির্বাচন না হলে দেশে মার্শাল’ল জারি হতো। জনগণ যখন ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে চায় তখন বেগম খালেদা জিয়া জ্বালাও পোড়াও করে ভোট বন্ধ করতে চেয়েছিল। বিএনপি’র জ্বালাও পোড়াও’র মধ্যে ৪০ ভাগ ভোট পড়েছিল। জননেত্রী শেখ হাসিনা জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছেন। নিয়মানুযায়ী আগামী ২০১৯ সালের আগে জাতীয় সংসদ নির্বাচন হবেনা। তিনি বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে বলেন, আপনি নির্বানী ট্রেন মিস করেছেন। মাথা ঠান্ডা করে নিজের দল গোছান। ২০১৯ সালে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিন।
শনিবার দুপুরে শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজের নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মমতাজ উদ্দিন, শেরপুর- ধুনট এলাকার সংসদ সদস্য মোঃ হাবিবর রহমান ও নাটোর সদর আসনের সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ নাসিম আরো বলেন, বেগম খালেদা জিয়া ৫ জানুয়াররি নির্বাচনে অংশগ্রহণ না করে ভুল করেছেন। এর জন্য দায়ী কে? জন নেত্রী শেখ হাসিনা পাকা খেলোয়াড়। তিনি জানেন কখন গোল দিতে হয়। তিনি সরকারে বিভিন্ন সাফল্যে চিত্র তুলে ধরে বলেন, আমরা দারিদ্র বিমোচন করেছি। গ্রামে গ্রামে ডাক্তার দিয়েছি। ভোটের অধিকার নিশ্চিত করেছি। আর বিএনপি যুদ্ধাপরী জামাতকে সাথে নিয়ে মানুষ হত্যা, পুলিশ, বিজিবি হত্যা এবং পরীক্ষার মধ্যে হরতাল দিয়ে জাতীকে পিছিয়ে দিতে চায়। তিনি বলেন বিএনপিকে ধ্বংস করার জন্য আওয়ামী লীগের প্রয়োজন নেই। বিএনপিকে ধ্বংস করার জন্য তারেক রহমানই যথেষ্ট। তিনি শেরপুর টাউন ক্লাব পাবলিক অনার্স মহিলা কলেজের প্রশাসনিক ভবন নির্মাণ করার প্রতিশ্রুতি দেন। সভায় মানপত্র পাঠ করেন কলেজের অধ্যক্ষ স. ম. হাফিজুল ইসলাম।
