৩২ ঘণ্টা পর দুবাইয়ের পথে সেই বিমানের যাত্রীরা

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৩৭

বিমান ছিনতাই চেষ্টার ঘটনার ৩২ ঘণ্টা পর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেই বিমানের যাত্রীরা পৃথক একটি ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশে যাত্রা করেছেন। আজ সোমবার দুপুর ১টা ২০ মিনিটের দিকে ওই বিমানটি চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার-ই-জাহান জানান, রবিবার সন্ধ্যা থেকে চট্টগ্রামে আটকে থাকা দুবাইয়ের যাত্রীরা সোমবার দুপুর ১টা ২০ মিনিটে দুবাইয়ের উদ্দেশে যাত্রা করেছেন।

অন্যদিকে, ছিনতাইয়ের কবলে পড়া বাংলাদেশ বিমানের ‘ময়ুরপঙ্খী’ বিমানটির ফ্লাইট  স্থগিত রাখা হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে এটি অন্য রুটে যাত্রা করবে বলে সিভিল এভিয়েশন সূত্রে জানা গেছে।

আরও পড়ুন: প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেডে বেতন দেওয়ার নির্দেশ

প্রসঙ্গত, বিজি-১৪৭ ফ্লাইট রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রবিবার বিকাল ৫টার দিকে ছেড়ে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার কথা ছিল। ঢাকা থেকে উড্ডয়নের পরই বিমানটি ছিনতাইকারীর কবলে পড়ে। পরে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিকাল ৫টা ৪০ মিনিটের দিকে বিমান বাংলাদের ওই ফ্লাইটটি জরুরি অবতরণ করে। এতে ১৩৪ যাত্রী ও ১৪ ক্রু নিয়ে বিজি-১৪৭ ফ্লাইটটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাচ্ছিল।

ইত্তেফাক/কেকে