নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের মামলার অন্যতম আসামি নৌ-বাহিনীর অবসরে পাঠানো কমান্ডার ও র্যাব-১১ এর সাবেক কর্মকর্তা এমএম রানার জামিন আবেদন না-মঞ্জুর করেছে আদালত। গতকাল রবিবার দুপুরে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেএম মহিউদ্দিনের আদালতে এ জামিন শুনানি অনুষ্ঠিত হয়।
রানার পক্ষে জামিন আবেদন করেন সুপ্রীম কোর্টের আইনজীবী ফরহাদ আব্বাস। আলোচিত সাত খুনের ঘটনায় এটাই প্রথম জামিন আবেদন। জেলা আদালতের এসআই সোহেল আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তিনি রাষ্ট্রপক্ষে জামিনের ঘোর বিরোধিতা করেছেন। এ ঘটনায় নিহত সিনিয়র আইনজীবী চন্দন সরকারের প্রতি শ্রদ্ধা জানিয়ে নারায়ণগঞ্জের কোন আইনজীবী আসামিদের পক্ষে জামিন শুনানিতে অংশ নেননি। তবে তারা এজলাশ কক্ষে উপস্থিত থেকে তার জামিনের বিরোধিতা করেন।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস জুয়েল জানান, রানা ৭ খুনের সঙ্গে জড়িত স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। অপহরণ থেকে শুরু করে হত্যা ও লাশ ডোবানোর ঘটনায় তিনি প্রত্যক্ষভাবে নেতৃত্ব দিয়েছেন। এ পর্যন্ত ১৩ জন সাবেক র্যাব সদস্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের প্রত্যেকের জবানবন্দিতেই রানার জড়িত থাকার বিষয়টি এসেছে। তাই রানাকে যাতে জামিন না দেয়া হয় সে বিষয়ে আমরা আদালতকে অবহিত করেছি।
