চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় র্যাবের সঙ্গে সন্ত্রাসীদের `বন্দুকযুদ্ধে' মোশাররফ হোসেন (৩৫) নামে একজন নিহত হয়েছে। সোমবার উপজেলার বাউরিয়া ইউনিয়নের জঙ্গলবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মোশাররফ উপজেলার কুচিয়া মোড়া এলাকার সিদ্দিক আহমেদের ছেলে। তিনি ঐ এলাকার সন্ত্রাসী দল মোশাররফ বাহিনীর প্রধান বলে দাবি করেছে র্যাব।
র্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি সোহেল মাহমুদ গণমাধ্যমকে জানান, সোমবার বেলা ১২টার দিকে সন্দ্বীপ থেকে মোশাররফকে আটক করা হয়। এর পর তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তাকে সঙ্গে নিয়েই উপজেলার বাউরিয়া ইউনিয়নের জঙ্গলবাড়িতে মোশাররফ বাহিনীর আস্তানায় অভিযান শুরু করা হয়। এ সময় সন্ত্রাসীরা র্যাব সদস্যদের দিকে গুলি ছুড়া শুরু করলে তারাও পাল্টা গুলি ছুড়তে থাকেন। এক পর্যায়ে ক্রসফায়ারের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মোশাররফের মৃত্যু হয়।
তিনি আরো জানান, এ ঘটনায় ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া গুলিসহ বিপুল পরিমাণ অস্ত্র এবং অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
