রাজধানীর উত্তরায় বেসরকারি টিভি চ্যানেলের এক সাংবাদিকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে এনে এক গৃহবধূ উত্তরা পূর্ব থানায় মামলা করেছেন। পুলিশ মামলা আমলে নিয়ে সোমবার উত্তরার আজমপুর স্বপ্ন শপিং মলের সামনে থেকে মো. জহিরুল ইসলাম (২৯) নামের ওই ‘কথিত’ সাংবাদিককে গ্রেফতার করেছে।
মামলার বিবরণ সূত্রে জানা গেছে, মামলার বাদী গৃহবধূ ফাতেমা আক্তারকে দীর্ঘদিন ধরে জহিরুল যৌন নিপীড়ন ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিলেন। এ অভিযোগের ভিত্তিতে গৃহবধু ফাতেমা মামলা করলে পুলিশ উত্তরার আজমপুর স্বপ্ন শপিং মলের সামনে থেকে সোমবার দিবাগত রাত নয়টায় জহিরুলকে গ্রেফতার করে।
উত্তরা পূর্ব থানার ডিউটি অফিসার এএসআই জিয়া জানান, এক গৃহবধূকে যৌন নিপীড়ন ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে জহিরুলকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতের কাছ থেকে বেসরকারি একটি টিভি চ্যানেলের পরিচয়বাহী কার্ড উদ্ধার করা হয়েছে। জহিরুল পটুয়াখালী জেলার রাজনগর থানাধীন বগা নামক গ্রামের বাসিন্দা।
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
