কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদিকে অবৈধ সম্পদ অর্জন সংক্রান্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় হাইকোর্টের দেয়া ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন আপিল বিভাগ বহাল রেখেছে। মঙ্গলবার বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ বেঞ্চ এই আদেশ দেন। খবর: বাসসের।
বদির জামিনের বিরুদ্ধে দুদকের আনা আবেদন নিষ্পত্তি করে আদালত আজ এই আদেশ দেন। তবে একটি পত্রিকায় প্রকাশিত বদির মন্তব্য বিষয় আমলে নিয়ে তাকে সতর্ক করা হয়েছে।
অবৈধ সম্পদ অর্জন সংক্রান্ত দুদকের দায়ের করা মামলায় আবদুর রহমান বদিকে গত ২৭ অক্টোবর ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন দেয় হাইকোর্ট। একই সঙ্গে কেন তাকে স্থায়ী জামিন দেয়া হবে না-তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুলও জারি করা হয়।
এই জামিন আদেশ স্থগিত চেয়ে গত ২৮ অক্টোবর আবেদন দাখিল করে দুদক। আবেদনটি ২ নভেম্বর আপিল বিভাগের চেম্বার জজ আদালতে উত্থাপিত হলে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের পুর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেয়া দেয়।
জ্ঞাত আয় বহির্ভূত উপায়ে সম্পদ অর্জন সংক্রান্ত অভিযোগে আবদুর রহমান বদির বিরুদ্ধে গত ২১ আগস্ট রাজধানীর রমনা মডেল থানায় মামলা করে দুদক। মামলার এজাহারে বলা হয়, আবদুর রহমান বদির নামে ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকার অবৈধ সম্পদ রয়েছে।
এ মামলায় বদি গত ১২ অক্টোবর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।এরপর ১৬ অক্টোবর ঢাকার মহানগর দায়রা জজ আদালতেও তার জামিন আবেদন নাকচ হয়। এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন বদি।
বদির পে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট মতিন খসরু ও দুদকের পে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।
