ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। মো. মোস্তাফিজুর রহমানকে ভিপি (সহ-সভাপতি) এবং মো. আনিসুর রহমান খন্দকার অনিককে জিএস (সাধারণ সম্পাদক) করে এ প্যানেল ঘোষণা করা হয়।
আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে অবস্থিত ছাত্রদল কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক আকরামুল হাসান ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্যানেল ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সাবেক ছাত্রনেতা রকিবুল ইসলাম বকুল ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান।
ছাত্রদল ঘোষিত ডাকসু প্যানেলে আরও রয়েছেন খোরশেদ আলম সোহেল (সহ-সাধারণ সম্পাদক- এজিএস), জাফরুল হাসান নাদিম (স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক), মাকসুদুর রহমান (বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক), কানেতা ইয়ালাম (কমনরুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক), আশরাফুল আলম উজ্জ্বল (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), মিনহাজ আহমেদ প্রিন্স (সাহিত্য ও প্রকাশনা সম্পাদক), কাইয়ূম উল ইসলাম (সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক), মনিরুজ্জামান মামুন (ক্রীড়া সম্পাদক), মাহফুজুর রহমান চৌধুরী (ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক) এবং তৌহিদুল ইসলাম (সমাজ সেবা সম্পাদক)।
আরও পড়ুন: সিমলা ছাড়াও স্ত্রী-সন্তান আছে পলাশের
এছাড়াও, সদস্য পদে রয়েছেন- হাবিবুল বাশার, শাহিনূর ইসলাম, ইকবাল হোসাইন, সাইদ বিন আনোয়ার, সাহাব উদ্দিন, মাহমুদুল হাসান, সাফায়াত হাসনাইন সাবিত, তানভীর আজাদী সাকিব, সুলতান মো. সালাউদ্দিন সিদ্দিক, শরীফুল, ইমাম আল নাসের মিশুক, আলমগীর হোসেন, এবং আবুল বাশার।
দীর্ঘ ২৮ বছর পর আগামী ১১ মার্চ ডাকসুর পাশাপাশি হল ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময় ২৫ ফেব্রুয়ারি। প্রার্থী হওয়ার শেষ সময় ২ মার্চের পর দিন বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ইত্তেফাক/কেকে

