বাংলাদেশের বাজারে আসছে 'নোকিয়া' বিহীন প্রথম উইন্ডোজ ফোন

আপডেট : ১১ নভেম্বর ২০১৪, ১৯:২৫
 
 
নোকিয়া এখন শুধুই ইতিহাস। প্রথমবারের মত নোকিয়া ব্র্যান্ড বাদ দিয়ে উইন্ডোজ ফোন বাজারে ছাড়ল মাইক্রোসফট। অনেক দিন থেকেই প্রযুক্তি পণ্যের বাজারে গুজব ছিল যে মাইক্রোসফট নোকিয়া ব্র্যান্ড বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার এই নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিল টেক জায়ান্ট মাইক্রোসফট।
লুমিয়া ৫৩৫ মডেলের স্মার্টফোনটি নভেম্বরের শেষ দিকে বাংলাদেশ, চীন ও হংকং এর বাজারে পাওয়া যাবে। তার পর অন্যান্য দেশের বাজারে ছাড়া হবে হ্যান্ডসেটটি। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ১১০ ইউরো যা বাংলাদেশের টাকায় প্রায় সাড়ে ১০ হাজার টাকা।
নকিয়া কনভারসেশন বগে মাইক্রোসফট ফোনটির বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। ফোনটিতে সামনে ও পেছনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। থাকছে ৫ ইঞ্চি কিউএইচডি ৯৬০x৫৪০ রেজুলেশনের সুপার সেনসেটিভ টাচস্ক্রিন, ১.২ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর ও ১ গিগাবাইট র‍্যাম। এক সিম ও দুই সিমের এই ফোনটিতে থাকছে মাইক্রোসফটের সর্বশেষ মোবাইল অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮.১। এর ডিসপ্লের সুরক্ষার জন্য করনিং গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে।