প্রায়ই বাড়ি থেকে নিরুদ্দেশ হতো রাজশাহীর দুই কিশোর মুজাহিদ মানিক ও বিজয়। ১৪ বছর বয়সী দুই কিশোর শুক্রবার বিকেলে শেষবারের মতো রাজশাহী থেকে নিরুদ্দেশ হয়। রবিবার রাতে তাদের মরদেহ বাড়ি ফিরে লাশ হয়ে। মৃত মুজাহিদ রাজশাহী নগরীর মেহেরচন্ডি এলাকার মৃত আনফর রহমানের ছেলে। আর মানিক পাশের জামালপুর এলাকার মৃত রুহুলের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকালে ঢাকার টঙ্গী রেলওয়ে স্টেশন সংলগ্ন বর্ণমালা এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। খবর পেয়ে স্বজনরা গিয়ে মরদেহ শনাক্ত করে। আইনি প্রক্রিয়া শেষে রোববার রাতেই রাজশাহীতে মরদেহ নিয়ে ফেরে স্বজনরা।
বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে পুলিশের টঙ্গী ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, ‘সকালে বর্ণমালা রেলক্রসিং এলাকায় দুই কিশোরের মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে একজনের পকেটে রাজশাহীর একটি প্রতিষ্ঠানের কর্মকর্তার ভিজিটিং কার্ড পাওয়া যায়। এরই সূত্র ধরে তাদের পরিচয় শনাক্ত করা হয়।’
তিনি বলেন, ‘একজনের মাথা ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন রয়েছে। আরেকজন শরীরে মারাত্মক আঘাত পেয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শক্ত কোনো কিছুর সঙ্গে ধাক্কা লেগে তাদের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ নিয়ে যান স্বজনরা।’
এ ঘটনায় রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা করেছেন বর্ণমালা রেলওয়ের স্টেশন মাস্টার হালিমুজ্জামান।
তবে কী কারণে দুই কিশোর ঢাকায় যাচ্ছিল তা জানাতে পারেনি স্বজনরা। তারা জানিয়েছেন, বিভিন্ন সময় কাউকে কিছু না বলে বাড়ি থেকে পালিয়ে যেত দুইজন। শুক্রবার বিকেলেও বাড়ি ছেড়ে পালিয়ে যায় তারা। পরে পুলিশের ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ শনাক্ত করা হয়।
আরও পড়ুনঃ জয়পুরহাটে অনৈতিক সম্পর্কের অভিযোগে এক বৃদ্ধ খুন
রাজশাহীর চন্দ্রিমা থানার ওসি হুমায়ুন কবির বলেন, ‘দুই কিশোরের মরদেহ উদ্ধারের কথা আমাদের জানানো হয়েছে। পরে তাদের পরিবারকে বিষয়টি জানাই আমরা। ঘটনাটি তদন্ত করছে রেলওয়ে থানা পুলিশ।’
ইত্তেফাক/নূহু

