ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য ফাহমিদা মজিদের আবেদন ২৪ ঘণ্টার নিষ্পত্তি করতে প্রধান রিটার্নিং অফিসারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেয়।
আদালত বলেছে, ‘আমরা ঘোষিত তফসিল বাধাগ্রস্ত না করেই তার আবেদন নিষ্পত্তি করতে বলছি।’
শুনানিতে আদালত বলে, ‘আমরা (ইলেকশন) সিডিউল পেছাবো না।’ তখন এটর্নি জেনারেল বলেন, ‘আপনারা একটা আদেশ দিতে পারেন। তিনি ভোটার হতে চেয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বলা যেতে পারে তাকে ভোটার করার বিষয়টি বিবেচনা করা হোক।’
এরপর আদালত এ আদেশ দেয়। আদালতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন এটর্নি জেনারেল মাহবুবে আলম। রিট আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
আদেশের পর রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, ‘ফাহমিদা মজিদ রোকেয়া হলের প্রভোস্টের কাছে যে আবেদন দিয়েছেন সেটা ২৪ ঘণ্টার মধ্যে নিষ্পত্তি করতে ডাকসুর প্রধান রিটার্নিং অফিসারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। যখন তাকে বিবেচনা করা হবে তখন সে নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্য এবং নির্বাচন করার বিষয়টি বিবেচনা করতে প্রধান রিটার্নিং কর্মকর্তাকে বলেছেন।’
ব্যারস্টিার কাজল বলেন, ‘আদালত বলছেন নির্বাচনের সে শিডিউল বা তারিখ সেটাকে পরিবর্তন না করে এ আদেশগুলো প্রতিপালন করতে। আদালত রুলও জারি করেছে।’
আরও পড়ুন: সিমলা ছাড়াও স্ত্রী-সন্তান আছে পলাশের
ভোটার তালিকায় নাম না থাকায় ডাকসু নির্বাচন নিয়ে রবিবার হাইকোর্টে রিট করেছিলেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্রী ফাহমিদা মজিদ। বাসস
ইত্তেফাক/কেকে
