কক্সবাজারের টেকনাফে দুটি বাড়িতে অভিযান চালিয়ে ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে টেকনাফে মডেল থানা পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি। বুধবার বিকেলে পৌর এলাকার নাইট্যং পাড়ায় দুই বাড়িতে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেল তিনটায় টেকনাফে মডেল থানার এসআই সরোজ রতন আর্চায্য এর নেতৃত্বে একদল পুলিশ নাইট্যং পাড়ায় ইয়াবা মজুদ রাখার গোপন সংবাদের খবরে অভিযান চালিয়ে ওই এলাকার পেরান আলীর স্ত্রী সখিনার বাড়ি থেকে আট হাজার ও মৃত রশিদ উল্লাহ ছেলে সরোয়ারের বাড়ি থেকে ১৬ হাজারসহ মোট ২৪ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। তবে এসময় কাউকে আটক করতে পারেনি।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন জানান, উদ্ধারকৃত ইয়াবাগুলো থানায় জমা রেখে সংশ্লিষ্ট ধারায় বাড়ির মালিকদের বিরোদ্ধে থানায় মামলার প্রক্রিয়া চলছে।
