গাজীপুর মহানগরীর কোনাবাড়ি আমবাগ মধ্যপাড়া এলাকায় বুধবার সন্ধায় ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৩৫ লাখ টাকা হবে বলে ক্ষতিগ্রস্থরা জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই এলাকার পিনএন নিট কম্পোজিট লিমিটেড কারখানার সংলগ্ন পশ্চিম পাশে শরীফ হোসেন, শহীদ ও উজ্জল মিয়ার ৪টি ঝুটের গুদামের মধ্যে একটিতে হটাত্ আগুন ধরে যায়। মুহুর্তের মধ্যে আগুন অপর তিনটিতে ছড়িয়ে পড়ে। শহীদের ঝুটের গুদামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে তত্সংলগ্ন স্থানীয় রজব আলী ও হাজী সাহেবের বাড়ির অংশ বিশেষ পুড়ে গেছে। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেড়ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্থরা দাবি করছেন আগুনে প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
