নিষ্ঠুর প্রেমিকা

আপডেট : ১৩ নভেম্বর ২০১৪, ০০:০৬

ভালবাসার কাছে টাকাটা কিছুই না। কিন্তু লাখ লাখ টাকা দিয়ে আইফোন সিক্স কিনে ‘লাভ’ বানিয়েও নিষ্ঠুর প্রেমিকার মন গলাতে পারলেন না এক প্রেমিক। ভালবাসার এই ঐতিহাসিক ঘটনাটি ঘটেছে চীনের ওয়াংঝুতে। বেশিরভাগ মেয়েরা স্বপ্ন দেখে তাদের প্রিয় মানুষটি তাদের পায়ের কাছে হাঁটু গেড়ে বসে অন্তর থেকে ভালবাসা প্রার্থনা করবে। বিশ্ব ভালবাসা দিবসের আদলে চীনে প্রতি বছর ১১ নভেম্বরকে ‘সিঙ্গেলস ডে’ হিসেবে পালন করে। মেয়েদের আকাঙ্খাকে বাস্তব রূপ দিতে এই দিনটিকে বেছে নেন কম্পিউটার প্রোগ্রামিংয়ের কাজ করা ওই যুবক। আর বর্তমানে আইফোন সিক্স একটি লোভনীয় জিনিস হিসেবে পৃথিবীর বুকে স্থান করে নিয়েছে। এর মূল্যমানও অত্যাধিক। কিন্তু ভালবাসার জন্য টাকা খরচ করাটা তার কাছে মামুলি ব্যাপার। তাই তিনি একটি দুটি কিংবা তিনটি নয়, ৯৯টি আইফোন সিক্স কিনলেন যার মূল্যমান বাংলাদেশি টাকায় ৬৫ লাখ ৬০ হাজার টাকা। ফোনগুলো দিয়ে ‘লাভ’ বানিয়ে বন্ধু-বান্ধবীদের জড়ো করে তরুণীকে প্রেমের প্রস্তাব দিলেন। কিন্তু নিষ্ঠুরতাই যেন তরুণীকে আঁকড়ে ধরলো। মন তার গললো না। প্রেম নিবেদনে সাড়া না দিয়ে বরং প্রত্যাখ্যান করলেন! তবে তাতে কিন্তু একটুও দমে যাননি ওই যুবক। বললেন, প্রেমিকা না পেলে কী হবে, আইফোন সিক্স তো আছে। -মিরর নিউজ