ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার

আপডেট : ১৩ নভেম্বর ২০১৪, ১০:১৮

পলাতক জাহিদ হোসেন খোকন ওরফে খোকন রাজাকারের যুদ্ধাপরাধ মামলার রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি র‌্যাব সদস্যদের পুরাতন হাইকোর্ট সংলগ্ন ট্রাইব্যুনাল এলাকায় সতর্ক থাকতে দেখা গেছে। তবে আগের রায়গুলোর মতো রাস্তায় ব্যারিকেড ও তল্লাশি করতে দেখা যায় নি। কদম ফোয়ারা, দোয়েল চত্বর ও সরকারি কর্মজীবী হাসপাতালের সামনে বৃহস্পতিবার সকালে স্বাভাবিকভাবেই যান চলাচল করতে দেখা যায়। যুদ্ধাপরাধের মামলায় অভিযুক্ত খোকন তদন্তের শুরু থেকেই পলাতক রয়েছেন।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বৃহস্পতিবার সকাল ১০টার পর এ মামলার রায় ঘোষণা করবেন বলে জানা গেছে।
একাত্তরে হত্যা, ধর্ষণ, ধর্মান্তরে বাধ্য করা, লুটপাট ও অগ্নিসংযোগের মতো মানবতাবিরোধী অপরাধের ১১টি অভিযোগ রয়েছে ফরিদপুরের নগরকান্দা পৌরসভার বরখাস্ত মেয়র খোকনের বিরুদ্ধে।