হুমায়ূন বিহনে আজ পালিত হবে জন্মদিন। বাংলা সাহিত্যের রাজপুত্র হুমায়ূন আহমেদের আজ ৬৬তম জন্মদিন। প্রিয় লেখকের জন্মদিনকে ঘিরে আজ নানা আয়োজন হবে। ঘরোয়াভাবে কেক কাটার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক-সামাজিক সংগঠন হুমায়ূন আহমেদের জন্মদিন উদযাপনের উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে গতকাল বুধবার জাতীয় জাদুঘরে তার স্মৃতি-নিদর্শন নিয়ে শুরু হয়েছে পক্ষকালব্যাপী বিশেষ প্রদর্শনী। চ্যানেল আই প্রাঙ্গণে থাকবে নানা আয়োজন। হিমু ভক্তরাও নুহাশ পল্লীতে আয়োজন করেছে উত্সবের। এ ছাড়াও হুমায়ূন আহমেদের প্রকাশকরা কেন্দ্রীয় গণগ্রন্থাগার প্রাঙ্গণে আয়োজন করেছেন একক বইমেলার। আজ বিকাল ৩টায় এ মেলার উদ্বোধন।
