দুই মামলায় আমানসহ ৮০ জনের বিচার শুরু

আপডেট : ১৩ নভেম্বর ২০১৪, ১৪:২৬
নাশকতার দুই মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমানসহ ৮০ নেতাকর্মীর বিচার শুরুর নির্দেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার এই দুই মামলায় ঢাকার দ্রুত বিচার আদালতের হাকিম নাজমুল হক শ্যামল তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে শুনানির জন্য ধার্য করেন। সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৫ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। 
অভিযোগ গঠনের সময় কাঠগড়ায় দাঁড়ানো, আমান, নাজিমউদ্দিন, বিএনপি নেতা কফিল উদ্দিন ও ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাহউদদ্দিন টুকুসহ নেতাকর্মীরা নিজেদের নির্দোষ দাবি করেন।
২০১২ সালের ডিসেম্বরে ঢাকা-আরিচা মহাসড়কের আমিন বাজার ও তেঁতুলঝোড়া এলাকায় গাড়ি ভাংচুর ও আগুন দেওয়ার ঘটনায় নাশকতার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এর মধ্যে একটি মামলায় ৬৫ জনকে এবং অন্য হামলায় ১৯ জনকে আসামি করা হয়।