আশুলিয়ায় পাওনার দাবিতে শ্রমিকদের অবস্থান কর্মসূচি

আপডেট : ১৪ নভেম্বর ২০১৪, ০৪:১৫

গতকাল বৃহস্পতিবার ঢাকার আশুলিয়ায় একটি পোশাক কারখানার চাকরিচ্যুত শ্রমিকেরা পাওনা পরিশোধের দাবিতে কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। জানা গেছে, নানা অজুহাতে গত দেড় মাসে আশুলিয়ার জামগড়া এলাকার প্রীতি গ্রুপের এস সুহি ইন্ডাস্ট্রিয়াল পার্ক নামের একটি পোশাক কারখানার ৭৫ জন শ্রমিককে চাকরিচ্যুত করা হয়। নিয়ম অনুযায়ী এসব শ্রমিকের তিন মাসের বেতনসহ অন্যান্য ভাতা পরিশোধ না করেই তাঁদের বের করে দেওয়া হয়। এর আগে তাঁদের কাছ থেকে অব্যাহতিপত্রে স্বাক্ষর নেওয়া হয়।

চাকরি হারানোর পর থেকে শ্রমিকেরা কর্তৃপক্ষের কাছে নিয়ম অনুযায়ী তাঁদের তিন মাসের বেতন ও অন্যান্য ভাতা পরিশোধের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু কর্তৃপক্ষ তাঁদের দাবি না মানায় বৃহস্পতিবার দুপুরে শ্রমিকেরা কারখানার মূল ফটকের সামনে অবস্থান নেন। সন্ধ্যা পর্যন্ত তাঁদের এ কর্মসূচি অব্যাহত ছিল।