রাজধানীতে ৩১ বিদেশি আটক

আপডেট : ১৪ নভেম্বর ২০১৪, ১৮:৪৩


ঢাকায় অবৈধভাবে বসবাসরত বিভিন্ন দেশের ৩১ জন নাগরিককে আটক করেছে ডিবি। শুক্রবার ভোররাতে ডিএমপি’র গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের সমন্বিত অভিযানে ঢাকার রামপুরা, গুলশান, উত্তরা পূর্ব ও উত্তরা পশ্চিম থানার মোট ১৪৭ টি বাড়িতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন- নাইজেরিয়ার ১২ জন, উগান্ডার পাঁচ জন, কেনিয়ার একজন, ক্যামেরুনের পাঁচ জন, আইভোরিকোস্টের দুই জন, টোগোর একজন, মালির একজন, মোজাম্বিকের একজন, গাম্বিয়ানের তিন জন ও সেনেগালের একজন নাগরিক।

এদের মধ্যে উগান্ডার দুই জনের কাছ থেকে মেয়াদ উত্তীর্ণ দুটি পাসপোর্ট উদ্ধার করা হয়। বাকী আটককৃতদের কাছে বাংলাদেশে অবস্থানের পক্ষে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অবৈধভাবে বাংলাদেশে বসবাসের অভিযোগে মামলা রুজু করা হয়েছে।

ডিএমপি’র মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিসি ডিবি (দক্ষিণ) কৃষ্ণপদ রায় জানান, দেশে অবৈধভাবে অবস্থানকারী বিদেশীরা বিভিন্ন পরিচয়ে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। তিনি ঢাকা মেট্রোপলিটন এলাকায় সম্মানিত নাগরিকবৃন্দকে বৈধ কাগজপত্র ব্যতিত কোনো বিদেশি নাগরিককে বাসা ভাড়া না দেয়ার জন্য অনুরোধ করেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- ডিসি ডিবি শেখ নাজমুল আলম, ডিসি মিডিয়া মো. মাসুদুর রহমান ও এডিসি ডিবি মোঃ আহাদ।

উল্লেখ্য, পুলিশের তথ্য মতে- সাম্প্রতি উত্তরায় এক স্কুল ছাত্র নিহত হবার সঙ্গে আলজেরিয় নাগরিকের সম্পৃক্ততা পাওয়া যায়। ২০১২ সালের ১৬ মে এক নাইজেরিয় নাগরিক ৪৫০ গ্রাম কোকেনসহ বনানী থানায় ধরা পড়েন। ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি একজন দক্ষিণ আফ্রিকান ও একজন ক্যামেরুনের নাগরিক জাল ডলার ও জাল ডলার তৈরির সরঞ্জামসহ ডিবি’র হাতে ধরা পড়েন।