চার্জশিটে সিলেটের মেয়র আরিফুলের অন্তর্ভুক্তিতে কাউন্সিলরদের বিস্ময়

আপডেট : ১৫ নভেম্বর ২০১৪, ০০:২৪

সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলার সম্পূরক চার্জশিটে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নাম অন্তর্ভুক্ত হওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ। মেয়র আরিফুলকে যাতে অযথা হয়রানি করা না হয় সেজন্য তারা সরকারের প্রতি আহবান জানান।

শুক্রবার বিকালে সিটি কর্পোরেশনের সভা কক্ষে আয়োজিত এক জরুরি সভায় কাউন্সিলররা বলেন, সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া সিলেটের কৃতীসন্তান, বাংলাদেশের গর্ব। আন্তর্জাতিক অঙ্গনেও স্বনামধন্য ব্যক্তিত্ব। এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন হোক, তা আমরাও চাই। আমরাও চাই প্রকৃত দোষীদের  দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কিন্তু এই মামলার তদন্ত কার্যক্রমকে ভিন্নখাতে প্রবাহিত করতে সিলেটের জননন্দিত মেয়র আরিফুল হক চৌধুরীকে জড়িয়ে যেন তাকে হয়রানি করা না হয়। তারা  এ জন্য  সিলেটের সন্তান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপির হস্তক্ষেপ কামনা করেন।

প্যানেল মেয়র সিটি কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, মখলিছুর রহমান কামরান, আজাদুর রহমান আজাদ, শাহানারা বেগম, দিনার খান হাসু, দিবা রাণী দে বাবলী প্রমুখ।