গরম পানিতে ঝলসে যাওয়া নারী শ্রমিকের মৃত্যু

আপডেট : ১৫ নভেম্বর ২০১৪, ১৯:১৯
 
ঢাকা মেডিকেল কলেজ হসপাতালে ফজলুর রহমান (৫৫) নামে চিকিত্সাধীন অবস্থায় এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার দুপুর দেড়টার দিকে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন ।
এদিকে রাজধানীর কদমতলীর শ্যামপুরে পাকিজা প্রিন্ট শাড়ীর কারখানায় গরম পানিতে ঝলসে যাওয়া নারী শ্রমিক জাহানারা বেগমের (৩৫) মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় মারা যান তিনি।
পুলিশ কনেস্টেবল জাকারিয়া জানান, হাজতি ফজলুর রহমান কারাগারে অসুস্থতা অনুভব করলে তাকে কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় । হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন । এর আগে ১১ নভেম্বর সে অসুস্থতাবোধ করলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিত্সা দেওয়া হয়েছিল।
এদিকে জাহানারা বেগমের (৩৫) মৃত্যু ব্যাপারে জানা গেছে, জাহানারা বেগম শুক্রবার ভোর ৪টার দিকে কদমতলীর শ্যামপুরের লালাকুঠি মসজিদের পাশে পাকিজা প্রিন্ট শাড়ীর কারখানায় কাজ করার সময় গরম পানি পড়ে ঝলসে যান। এসময় তাকে দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
জাহানারা বেগমের বাড়ি পটুয়াখালীর গলাচিপার উলানিয়া গ্রামে। তিনি ঢাকার কদমতলীর শ্যামপুরে একটি বাসা ভাড়া নিয়ে বাস করতেন এবং পাকিজা প্রিন্ট শাড়ীর কারখানায় কাজ করতেন ।