পুত্রবধূ হত্যা মামলায় খান টিপু দম্পত্তির জামিন

আপডেট : ১৬ নভেম্বর ২০১৪, ১৯:৪৫
 
পুত্রবধূ ডা. শামারুখ মাহজাবিন হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য খান টিপু সুলতান ও তার স্ত্রী ডা. জেসমিন আরাকে চার সপ্তাহের জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি সৈয়দ এবি মাহমুদুল হক ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর ডিভিশন বেঞ্চ রবিবার জামিন মঞ্জুর করে এই আদেশ দেন।
বৃহস্পতিবার শ্বশুর খান টিপু সুলতানের ধানমন্ডির বাসায় রহস্যজনক মৃত্যু হয় মাহজাবিনের।
মেয়েকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ এনে ওই রাতেই মাহজাবিনের পিতা নুরুল ইসলাম ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এই মামলায় মাহজাবিনের স্বামী হুমায়ুন সুলতান, শ্বশুর টিপু সুলতান ও মা জেসমিন আরাকে আসামি করা হয়।
রবিবার হাইকোর্টে খান টিপু সুলতান দম্পত্তি আ্ত্তসমর্পণ করে জামিন চান। তাদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট একে ফজলুল হক খান ফরিদ ও অ্যাডভোকেট নরুল ইসলাম সুজন। তারা বলেন, মামলার এজাহারে তাদের বিরুদ্ধে সুনিদ্দিষ্ট কোন অভিযোগ নেই।
খান টিপু সুলতান এই বারের একজন সদস্য। তার স্ত্রী একজন চিকিত্সক। তারা জামিন পেতে পারেন। জামিনের বিরোধিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশিরউল্লাহ। উভয় পক্ষের শুনানি শেষে হাইকোর্ট আসামিদের জামিন মঞ্জুর করেন।