চীনা পণ্যের ওপর এখনই শুল্ক বৃদ্ধি করছে না যুক্তরাষ্ট্র। এতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছিল, ১ মার্চের মধ্যে দুই দেশ কোনো চুক্তিতে না পৌঁছালে, ২০০ বিলিয়ন ডলার অর্থমূল্যের চীনা পণ্যের ওপর শুল্কহার ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করবে যুক্তরাষ্ট্র। এখন এই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ট্রাম্প।
ট্রাম্প বলেছেন, চীনের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আলোচনায় আরও অগ্রগতি হলে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে একটি শীর্ষ সম্মেলনের পরিকল্পনা রয়েছে তার। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে এই সম্মেলন হতে পারে। গত শুক্রবার ওভাল অফিসে চীনের ভাইস প্রেসিডেন্ট লিও হের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া বলেছে, প্রযুক্তিগত স্থানান্তর, মেধাসম্পদের সুরক্ষা ও কৃষিসম্পর্কিত কিছু বিষয়ে দুইপক্ষের আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে। এ সংবাদের পর সোমবার এশিয়ার পুঁজিবাজারে লেনদেনের শুরুতেই সূচক বাড়তে দেখা যায়। গত সপ্তাহে ট্রাম্প বলেন, যদি চীন বাণিজ্য নিয়ে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি আনতে পারে, চীনের ওপর নতুন শুল্ক বসানোর সময়সীমা কিছুটা বাড়াতে পারেন তিনি । এর আগে চীন থেকে ২৫০ বিলিয়ন ডলার আমদানিতে শুল্ক বসিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে ১১০ বিলিয়ন ডলার পণ্য আমদানি শুল্ক বসিয়েছে চীন।
গত বছরের ডিসেম্বরে আর্জেন্টিনার বুয়েনস আইরেসে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে ৯০ দিনের শুল্ক বিরতি চুক্তিতে আসে চীন ও যুক্তরাষ্ট্র। বাণিজ্যযুদ্ধ নিরসনে আলোচনা চালানোর উদ্দেশ্যেই এ চুক্তিতে আসে দুই পক্ষ। এই সময়ের মধ্যে দুই দেশ কোনো চুক্তিতে না পৌঁছালে ২০০ বিলিয়ন ডলার অর্থমূল্যের চীনা পণ্যের ওপর শুল্কহার ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করবে যুক্তরাষ্ট্র, এমনটাই বলা হয়েছিল। তবে এখন সেই সময়সীমা বাড়াল যুক্তরাষ্ট্র।
