নারায়ণগঞ্জের রূপগঞ্জের ব্যবসায়ী মনির হোসেন হত্যা মামলায় ৬ ডাকাতকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ ২নং অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মিয়াজী শহীদুল আলম চৌধুরী এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন সোলেমান, রিপন, জাহাঙ্গীর, আক্কাস, অহিদ ওরফে রণি ও আকতার হোসেন। রায় ঘোষণার সময় আসামিরা সবাই আদালতে উপস্থিত ছিলেন। আসামিরা সবাই আড়াইহাজার উপজেলার বাসিন্দা। এদের মধ্যে সোলেমান, রিপন ও জাহাঙ্গীর ইতিপূর্বে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি কে এম ফজলুর রহমান জানান, ২০০৮ সালের ২৫ জুলাই রাত সাড়ে বারোটার দিকে রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকায় ডাকাতির সময় বাধা দেন ব্যবসায়ী মনির হোসেন। ডাকাতদের বাধা দিতে গেলে তারা মনিরের হাত-পা বেঁধে ফেলে। একপর্যায়ে ডাকাত সদস্যরা তাকে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী হাসিনা বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। নিহতের স্ত্রী হাসিনা বেগম রায়ে সন্তোষ প্রকাশ করে অবিলম্বে খুনিদের ফাঁসির রায় কার্যকরের দাবি জানান।
