দিল্লিতে বিজেপি বিরোধী মহাজোট হচ্ছে না

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৫২

আগে বলেছিলেন, কংগ্রেস ‘না’ করে দিয়েছে। আর এবার অরবিন্দ কেজরিওয়াল নিজেই সিদ্ধান্ত নিলেন, ‘দিল্লিতে মহাজোট হবে না।’ অর্থাত্ আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে আম আদমি পার্টির (আপ) জোট হচ্ছে না। কংগ্রেসের তরফে আগেই ইঙ্গিত দেওয়া হয়েছিল। এবার জোটের সব দরজা কার্যত বন্ধ করে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী।

দিল্লিতে সোমবার একটি সাক্ষাত্কারে আপ প্রধান বলেন, ‘আমরা চেষ্টা করছি, দিল্লির সব আসনে একা লড়াই করার। কারণ কংগ্রেস যে মহাজোট গড়তে নারাজ সেটা আগেই জানিয়ে দিয়েছে। এখনো মনে হচ্ছে, ওরা এই সিদ্ধান্তে অনড়।’ দিল্লিতে কংগ্রেসের সঙ্গে আপের তিক্ত সম্পর্কের বিষয়টি রাজনৈতিক শিবিরে অপরিচিত নয়। এদিন সেই প্রসঙ্গ টেনে কেজরিওয়াল বলেন, ‘আমাদের দু’পক্ষের তিক্ত বিরোধিতা সত্ত্বেও আমি মহাজোটের পক্ষেই ছিলাম। কারণ আমি মনে করি, মোদী-অমিত শাহ জুটিকে ক্ষমতা থেকে সরানোই এখন দেশবাসীর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিন্তু কংগ্রেস বারবার আমার সেই আর্জি খারিজ করে দিয়েছে। তাই সব দরজা বন্ধ এবং আমরা নিজেদের ক্ষমতাতেই লোকসভার সব আসনে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি।’ খবর আনন্দবাজার পত্রিকার

মোদী সরকারকে হটাতে দেশজুড়ে কংগ্রেস এবং আঞ্চলিক দলগুলোকে নিয়ে মহাজোট গড়ার যে প্রচেষ্টা চলছে, তাতে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছিলেন, তিক্ততা ভুলে দু’পক্ষ কাছাকাছি সমঝোতার রাস্তায় আসতে পারে। কিন্তু সেই সম্ভাবনা খারিজ করে কেজরিওয়াল কার্যত কংগ্রেসের ঘাড়েই দোষ চাপালেন। শুধু দোষ চাপানোই নয়, কংগ্রেসকে আক্রমণ করতেও ছাড়েননি কেজরিওয়াল। আপ প্রধানের বক্তব্য, ‘কংগ্রেস কি চায়? উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, দিল্লিতে ওরা একা লড়ে বিরোধীদের দুর্বল করছে।’ ২০১৪ সালের লোকসভা নির্বাচনে দিল্লির সাতটি আসনই ছিল বিজেপির দখলে। তবে এবার দিল্লির সাতটি আসনই আম আদমি পার্টি জিতবে বলেও দাবি করেন কেজরিওয়াল।