রিক্রুটিং এজেন্সির প্রতারণার শিকার মেহেরপুরের ১৮০ জনকে ইরাক থেকে দেশে ফিরিয়ে আনার আবেদন জানিয়ে মেহেরপুর জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন জানিয়েছে ভুক্তভোগী প্রবাসীদের পরিবার। মঙ্গলবার সকালে তারা মেহেরপুরের জেলা প্রশাসক মাহমুদ হোসেনের কার্যালয়ে উপস্থিত হয়ে ভুক্তভোগীদের দেশে ফিরিয়ে আনার আবেদন জানান।
লিখিত অভিযোগে জানা গেছে, ‘ওভারসিস কনসালটেন্ট লিমিটেড’ নামক একটি রিক্রুটিং প্রতিষ্ঠান মেহেরপুর জেলার বিভিন্ন গ্রামের ১৮০ জনকে কাতারে ভালো চাকরি দেয়ার নাম করে প্রতারণা করে ইরাকে নিয়ে যায়। ইরাকের নাজাব শহরের একটি হাউজিং কোম্পানিতে নিয়ে গিয়ে তাদের আটকে রেখে পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র কেড়ে নেয় ওই দেশে অবস্থানরত প্রতারক চক্র সিন্ডিকেটের অন্য সদস্যরা। বর্তমানে সেখানে তারা কঠোর পরিশ্রম করলেও নিয়মতান্ত্রিক খাবার এবং বেতন-ভাতা দেয়া হচ্ছে না। সহায় সম্বলহীন এসব মানুষ এখন বড় অসহায়। এই অসহায় মানুষগুলোকে দুর্বিসহ জীবন থেকে রেহাই দিতে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেন ভুক্তভোগীদের পরিবার।
