ঘরে বসেই অনলাইনে পণ্য ক্রয়ে ‘ই-প্লাজা’ চালু করলো দেশীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। অনলাইনে অর্ডার দিলেই ক্রেতার বাসায় পৌঁছে যাবে ওয়ালটন মোবাইল, ল্যাপটপ কম্পিউটারসহ বিভিন্ন প্রযুক্তিপণ্য। এক্ষেত্রে সর্বোচ্চ ৮ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাবেন ক্রেতা। ওয়ালটন সূত্রে জানা গেছে, eplaza.waltonbd.com পেইজ থেকে ক্রেতারা ঘরে বসে সহজেই ওয়ালটন ব্র্যান্ডের মোবাইল ফোন, ল্যাপটপসহ বিভিন্ন পণ্যের অর্ডার দিতে পারবেন। গ্রাহককর্তৃক নির্বাচিত ওয়ালটন প্লাজার ১৫ কিলোমিটারের মধ্যে থাকছে ৩০ নভেম্বর পর্যন্ত ফ্রি হোম ডেলিভারির সুবিধা। গ্রাহক ওয়ালটন ই-প্লাজা থেকে ৫ হাজার টাকা সমমূল্যের পণ্য কিনে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন। ৫ হাজার টাকার বেশি পণ্যের ক্ষেত্রে বাংলাদেশে প্রচলিত ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেক্সাস, ভিসা ও মাস্টার কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, বিকাশ, রকেট অথবা এম-ক্যাশের মতো মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পণ্যের মূল্য পরিশোধ করতে পারবেন।
