‘মেসিকে ছাড়িয়ে যাবে নেইমার’

আপডেট : ১৯ নভেম্বর ২০১৪, ১০:১৫

সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির থেকেও ব্রাজিলিয়ান তারকা নেইমার ভবিষ্যতে আরো ভাল খেলোয়াড় হতে পারবেন বলে বিশ্বাস করেন দেশটির সাবেক তারকা ফুটবলার রোমারিও। ঘরের মাঠে ২০১৪ বিশ্বকাপের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন নেইমার। স্বাগতিকদের শেষ চারে উঠতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে পিঠের ইনজুরিতে আক্রান্ত হয়ে জার্মানীর বিপক্ষে অবশ্য সেমিফাইনাল খেলা হয়নি এই তরুণ স্ট্রাইকারের।এদিকে মেসির নেতৃত্বে ঠিকই ফাইনালে পৌঁছে গিয়েছিল আর্জেন্টিনা। যদিও ফাইনালে জার্মানীর কাছে ১-০ গোলে পরাজিত হয়ে হতাশ হতে হয় তাদের। তবে আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল ঠিকই আদায় করে নেন আর্জেন্টাইন।
১৯৯৪ সালে ব্রাজিল দলের সদস্য হিসেবে বিশ্বকাপে শিরোপা জেতার দারুণ এক সুখকর অভিজ্ঞতা রয়েছে রোমারিওর। একইসাথে খেলার সুযোগ না হলেও বর্তমান সময়ে দলের অন্যতম সেরা তারকা নেইমারের প্রতি শতভাগ আস্থা থেকেই রোমারিও বলেছেন বার্সেলোনা সতীর্থ মেসিকে ছাড়িয়ে যাবার ব্যাপারে তার কোন সন্দেহ নেই। স্থানীয় এক পত্রিকায় দেয়া এক সাক্ষাত্কারে সাবেক এই কিংবদন্তী স্ট্রাইকার বলেছেন, ‘মেসিকে ছাড়িয়ে যাবার মত সব কিছুই তার মধ্যে রয়েছে। মেসি ইতোমধ্যেই ইতিহাসের অংশ হয়ে গেছে। কিন্তু নেইমার তার থেকেও বড় কিছু করার জন্য মুখিয়ে আছে। মেসির সামনে হয়ত আরেকটি বিশ্বকাপ খেলা এবং জেতার সুযোগ আসবে না। কিন্তু নেইমারের এখনো তিন থেকে চারটি বিশ্বকাপ খেলার সময় রয়েছে।’
ব্রাজিলের হয়ে এরই মধ্যে ৪২টি গোল করে ফেলেছেন ২২ বছর বয়সী নেইমার। রোমারিও তার পুরো ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে করেছিলেন ৫৫ গোল। খুব শিগগিরই নেইমার তাকে ছাড়িয়ে যাবে বলে আশাবাদী রোমারিও।