রাজধানীতে ম্যারেজ মিডিয়ার প্রতারক চক্রের আট সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলেন— প্রতারক চক্রের মূলহোতা কাওছার আহমেদ ওরফে মিঠু, কামাল হোসেন, সাইফুল ইসলাম ওরফে রিপন, নুর আলম, ওলিয়ার রহমান, শাহিন আলম, জাকির হোসেন ও পারুল আক্তার। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে যায়। বুধবার রাজধানীর মোহাম্মদপুরের আলম রোডের ১৯/১২ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশ।
ডিবি পুলিশের সহকারী কমিশনার আবু নাসের জনি জানান, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তারা দীর্ঘ দিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে বাড়ি ভাড়া নিয়ে ম্যারেজ মিডিয়ার ভুয়া অফিস সাজিয়ে বিবাহের প্রলোভন দেখিয়ে ভুয়া অস্ট্রেলিয়া, কানাডা, ইংল্যান্ড ও আমেরিকা প্রবাসী সুন্দরী মহিলাদের পাত্রী সাজিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা-পয়সা নিয়ে প্রতারণা করে আসছে।
এ চক্রের মূল হোতা কাওছার আহমেদ ওরফে মিঠু জানায়, বিগত ৫-৬ বছর ধরে কিছু সুন্দরী মহিলাকে অস্ট্রেলিয়া, কানাডা, ইংল্যান্ড ও আমেরিকার নাগরিক বলে মিথ্যা পরিচয় দিয়ে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় পাত্র চাই মর্মে চটকদার বিজ্ঞাপন দেয়। পরবর্তী সময়ে ওই বিজ্ঞাপন দেখে আগ্রহী প্রার্থীরা তাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে। তারা তাদের চক্রের বিভিন্ন সুন্দরী মহিলার ছবি, জাল পাসপোর্ট ও ভিসার ফটোকপি দেখিয়ে রেজিস্ট্রেশনের নামে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়।
