চূড়ান্ত লাইসেন্স পেয়েছে বসুন্ধরা গ্রুপের আওতাধীন ইস্ট ওয়েস্ট স্পেশাল ইকোনমিক জোন। গতকাল সোমবার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহানের হাতে এ লাইসেন্স তুলে দেন। ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বুড়িগঙ্গা নদী সংলগ্ন ১০২ দশমিক ৭০ একর এলাকাজুড়ে ইস্ট ওয়েস্ট স্পেশাল ইকোনমিক জোন স্থাপিত হচ্ছে। প্রস্তাবিত ইকোনমিজ জোনে ফুড প্রোসেসিং, এলপিজি সিলিন্ডার, এডিবল ওয়েল, বিটুমিন, প্যাকেজিংভিত্তিক শিল্প স্থাপনা গড়ে তোলা হবে। এ জোনে বিনিয়োগ হবে প্রায় ২৬ কোটি মার্কিন ডলার। সফল বাস্তবায়ন হলে এখানে ২০ হাজার লোকের সরাসরি কর্মসংস্থান হবে এবং পরোক্ষভাবে কর্মসংস্থান হবে ৫০ হাজার লোকের।
অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান বলেন, ইস্ট ওয়েস্ট স্পেশাল ইকোনমিক জোনের মাধ্যমে আমরা একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই। আমরা শৃঙ্খলার সঙ্গে বিনিয়োগ করতে চাই। এখানে কোনো বিদেশি বিনিয়োগ এলে আমরা স্বাগত জানাবো।
