জঙ্গি হামলার আশঙ্কায় কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে হাই এলার্ট জারি করা হয়েছে। ভারতের ইন্টেলিজেন্স ব্যুরো এই এলার্ট জারি করে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সকে (সিআইএসএফ) সতর্ক প্রহরায় থাকতে বলেছে। ভারতের বিমানবন্দর সমূহে নিরাপত্তা জনবল সরবরাহের দায়িত্বে থাকে সিআইএসএফ। খবর জি নিউজের।
জানা গেছে, গতকাল ভারতের ইন্টেলিজেন্স ব্যুরো থেকে কলকাতার এই আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার সম্ভাবনার ব্যাপারে সতর্কবার্তা পাঠানো হয়। সম্প্রতি আল-কায়েদার সঙ্গে ভারতের জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদীনের (আইএম) জোট বাধার খবর প্রকাশ হবার পর বিভিন্ন এয়ারপোর্টে হামলার সম্ভাবনার কথা বলেছে ভারতীয় গোয়েন্দারা।
সম্প্রতি আহমেদাবাদ-মুম্বাই এবং মুম্বাই-কোচি এয়ারপোর্টে জঙ্গিরা আত্মঘাতি হামলার পরিকল্পনা করছে মর্মে হাই এলার্ট জারি করে দিল্লি। তবে কোন সুনির্দিষ্ট হুমকির প্রেক্ষিতে কলকাতার সুভাষ চন্দ্র বসু বিমানবন্দরে এলার্ট জারি করা হয়েছে তা পরিষ্কার করে জানানো হয়নি। গতকাল এই এলার্টের পরপরই বিমানবন্দর ছাড়াও কলকাতা শহরেও নিরাপত্তা প্রহরা বাড়ানো হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী পরস্পরের সঙ্গে সমন্বয় করে কাজ শুরু করে।
