শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আপডেট : ২১ নভেম্বর ২০১৪, ১১:০৫

শিখা অনির্বাণে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদ সামরিক বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রপতি আবদুল হামিদ সশস্ত্র বাহিনী দিবসে শুক্রবার সকাল ৮টায় ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। তিন বাহিনীর একটি চৌকস দল এ সময় সামরিক কায়দায় অভিবাদন জানায়। বিউগলে বাজানো হয় করুণ সুর। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শিখা অনির্বাণে ফুল দিয়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। বিউগল বাজিয়ে সামরিক কায়দায় সালাম জানানো হয়।
শ্রদ্ধা নিবেদনের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে স্বাধীনতার জন্য জীবন দেয়া দেশের  শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন প্রধানমন্ত্রী।
তিন বাহিনীর প্রধান এবং সশস্ত্র বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এরপর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শিখা অনির্বাণে দর্শনার্থী বইয়ে সই করেন।