রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

আপডেট : ২১ নভেম্বর ২০১৪, ১৮:৪৪
 
রাজধানীতে শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ চারজন মারা গেছেন। নিহতরা হলেন— মোহাম্মদপুরে লাকি আক্তার (৩৫), পল্টনে শরিফুল ইসলাম (৩০), মিরপুরে ইব্রাহিম (৬০) এবং গাবতলীতে অজ্ঞাতপরিচয় এক যুবক। সংশি¬ষ্ট থানার পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানিয়েছে— শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে গাবতলী বাসস্ট্যান্ডের পূর্ব পাশে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক তরুণ আহত হন। পরে সকাল ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্য হয়। নিহতের পরনে ছিল খয়েরি রঙের ফুলহাতা শার্ট ও জিন্সের প্যান্ট।
এ দিকে, সকালে মোহাম্মদপুরের সাত মসজিদ রোডে সিটি হাসপাতালের সামনে মালঞ্চ পরিবহনের একটি বাস লাকি নামের এক পথচারী নারীকে ধাক্কা দিলে তিনি আহত হন। উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
এ ছাড়া, বৃহস্পতিবার রাত একটার দিকে পল্টন আনন্দ ভবন কমিউনিটি সেন্টারের সামনের রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক শরীফুল নামের এক পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। তিনি মুগদার মান্ডা এলাকার নেকটার গলিতে থাকতেন।
একই রাতে আড়াইটার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় ইব্রাহিম নামের এক বৃদ্ধকে আহতাবস্থায় উদ্ধার করে পুলিশ। তাকে ঢামেক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা— কোনো গাড়ি বৃদ্ধকে ধাক্কা দিয়ে পালিয়েছে।