‘ওভারব্রিজ-আন্ডারপাস ব্যবহার না করলে জেল-জরিমানা’

আপডেট : ২৩ নভেম্বর ২০১৪, ১১:১২

যেখানে সেখানে রাস্তা পারাপার বন্ধে শনিবার থেকে বিশেষ প্রচারণা কার্যক্রম শুরু করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে আগামী ২৫ নভেম্বর থেকে ভ্রাম্যমান আদালতের অভিযান শুরু হচ্ছে। অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এ অভিযান চলবে। ফুটওভার ব্রিজ-আন্ডারপাস ব্যবহার না করলে জেল-জরিমানা করা হবে। সর্বোচ্চ শাস্তি ৬ মাসের কারাদণ্ড ও দুইশ টাকা জরিমানা। তাই ফুটওভার ব্রিজ ব্যবহারের অনুরোধ জানিয়েছে ডিএমপি।
শনিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিএমপি কমিশনার বেনজীর আহমদ।
নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ব্যস্ত মোড়ে ঝুঁকিপূর্ণ ভাবে রাস্তা পারাপারে একদিকে যেমন ঘটছে প্রাণহানি, অন্যদিকে যানবাহনের গতি কমে জট সৃষ্টি হচ্ছে। যত্রতত্র ও ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার বন্ধ করতে শনিবার থেকে বিশেষ প্রচারণা কার্যক্রম শুরু করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বিভিন্ন মোড়ে যত্রতত্র রাস্তা পার না হওয়ার অনুরোধ জানিয়ে ইতিমধ্যে প্যানাফ্লেক্স লাগানো হয়েছে।
পুলিশের হিসাবে, ২০১২ সালে রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ৩৬৭ জন মারা যান। এর মধ্যে ২৫৮ জনই পথচারী। দুর্ঘটনায় নিহত মানুষের ৭০ শতাংশেরও বেশি পথচারী। এর ৭২ শতাংশই ঘটেছে মোড়গুলোতে।