লামায় পাহাড় ও ঝিরি খনন করে পাথর উত্তোলন!

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২০

লামা উপজেলায় দুই শতাধিক ঝিরি ও পাহাড় নির্বিচারে খনন করে অবৈধভাবে পাথর উত্তোলন করা হচ্ছে। লামা ও পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার পাথর ব্যবসায়ীদের সমন্বয়ে গঠিত সিন্ডিকেটের মাধ্যমে গত দুই মাস ধরে দিন ও রাতে অবৈধভাবে এসব পাথর পাচার করে যাচ্ছে।

উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বাসিন্দা শিমন জলাই ত্রিপুরা, চংপাত ম্রো ও জমির উদ্দিন জানান, উপজেলার সাঙ্গু মৌজার হরিণঝিরি, পাইকঝিরি, কাপঝিরি, শিলেরঝিরি, চিনির ঝিরি ও ইয়াংছা মৌজার বিভিন্ন স্থানে পাহাড় এবং ঝিরি খনন করে অবৈধভাবে পাথর উত্তোলন করে পাচার করা হচ্ছে। এছাড়া ফাঁসিয়াখালী ও বাইশারী সিমান্তবর্তী বাঁকখালী খাল হতেও পাথর উত্তোলন করে সাপের ঘাড়া সড়ক দিয়ে পাচার অব্যাহত রয়েছে।

ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার জানান, অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে পাহাড় ও ঝিরি খনন করে পাথর উত্তোলন করে পাচার করা হচ্ছে। পাচারের নিরাপদ সড়ক হিসেবে ফাঁসিয়াখালী ইউনিয়নের সাপের ঘাড়া রোড, বনপুর রোড, ইয়াংছা সড়ক ব্যবহার হয়ে আসছে।

পাথর ব্যবসায়ী মো. এরশাদ জানান, পাথর ব্যবসা না করলে কি করে জীবিকা নির্বাহ করবো। পাথর উত্তোলনে তাদের কয়েক কোটি টাকা বিনিয়োগ রয়েছে বলেও তিনি জানান।

লামা থানার ওসি অপ্পেলা রাজু নাহা জানান, অবৈধভাবে পাথর উত্তোলনের বিষয়ে লামা থানায় একটি মামলা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর-এ-জান্নাত রুমি জানান, লামা উপজেলার কোনো জায়গা হতে পাথর উত্তোলনের জন্য অনুমোদন দেওয়া হয়নি। অবৈধভাবে পাথর উত্তোলনের বিষয়ে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান অব্যাহত আছে।