চান্দিনার হাজী রমিজ উদ্দিন আহমেদের বাসভবনকে ঘিরে পুরাতন গ্রান্ডট্রাঙ্ক রোড ও উপজেলা রোডের সংযোগ স্থানটি হাজী সাহেবের মোড় হিসেবে পরিচিতি লাভ করে। ওই মোড়ের শতবর্ষী একটি মরা গাছ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। গাছটি অপসারণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
জানা গেছে, সৌন্দর্য বর্ধনে ২০১৫ সালে চান্দিনা পৌরসভার পক্ষ থেকে গাছের গোড়ায় চারপাশে ইটের গাঁথুনির উপর টাইলস বাঁধানো ও স্টিলের বেড়িতে আবদ্ধ করে গাছটির ঐতিহ্য সংরক্ষণ করা হয়। তাতেও শেষ রক্ষা হয়নি গাছটির। গত প্রায় ছয় মাস যাবত ক্রমেই ঝিমিয়ে পড়তে শুরু করে গাছটি। মাত্র ছয় মাসের ব্যবধানে শতবর্ষের ঐতিহ্যকে ম্লান করে মরা গাছে পরিণত হয়ে এখন সড়কের উপর ভেঙে পড়ছে ডাল-পালা। গাছের নিচে রয়েছে চান্দিনা উপজেলার সকল মাইক্রো ও প্রাইভেট কার পার্কিং স্ট্যান্ড। পূর্ব ও দক্ষিণে রয়েছে পুরাতন গ্রান্ডট্রাঙ্ক রোড এবং উত্তরে দক্ষিণে রয়েছে উপজেলা রোড হয়ে মহাসড়কের সাথে সংযোগ সড়ক। এক কথায় হাজী সাহেবের মোড়টি চান্দিনার প্রবেশদ্বারও বলা যায়।
প্রবীণ ব্যক্তি উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা কালী ভূষণ বক্সী জানান, আমরা ছোটবেলা থেকেই গাছটি দেখে আসছি। যে কারণে গাছটির বয়স একশ বছরেরও বেশি হতে পারে। তবে ঐতিহ্যবাহী ওই গাছটি মরে যাওয়ায় সকলের কাছেই খারাপ লাগবে। তবে দুর্ঘটনা এড়াতে সেটি কেটে ফেলা যেমন দরকার তেমনি ঐতিহ্য রক্ষায় একই স্থানে নতুন আরেকটি গাছ রোপণ করা দরকার।
চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম জাকারিয়া জানান, গাছটি দ্রুত অপসারণের জন্য আগামী সভায় উপস্থাপন করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ১/২ সপ্তাহের মধ্যেই গাছটি অপসারণ করা হবে।
