চন্দনাইশে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২৪

চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের কানাইমাদারী এলাকায় ডোবায় ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। গত রবিবার উপজেলার পশ্চিম কানাইমাদারী এলাকার শেখ চান্দের পাড়ায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

জানা যায়, বাড়ির সকলের অজান্তে খেলতে গিয়ে একই পরিবারের এই তিন শিশু ডোবায় পড়ে মারা যায়। ওই শিশুরা হলো— হেলাল উদ্দিনের ছেলে সিফাত উদ্দিন (৫), প্রবাসী কাউসার আলমের ছেলে তাহসিন আলম (৪) ও জয়নাল আবেদীনের সাড়ে তিন বছরের ছেলে আরিয়ান। এই শিশুদের বাড়িতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করে পরে বাড়ির পাশে ভাসমান অবস্থায় এদেরকে ডোবা থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন। বরকল ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান সত্যতা নিশ্চিত করেন।