লতিফ সিদ্দিকী অবাঞ্চিত নাগরিক নন: সুরঞ্জিত

আপডেট : ২৪ নভেম্বর ২০১৪, ১৬:০৯
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, মন্ত্রিসভা ও আওয়ামী লীগ থেকে বহিস্কৃত লতিফ সিদ্দিকী অবাঞ্চিত নাগরিক নন। তাই তিনি দেশে আসতেই পারেন। সোমবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। খবর: বাসসের।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, লতিফ সিদ্দিকীকে অবাঞ্চিত নাগরিক ঘোষণা করা হয়নি। অভিযোগ মাথায় নিয়ে পাসপোর্ট, ভিসা নিয়ে দেশে আসতেই পারেন। আইনের শাসন পাবার অধিকার সবারই আছে।
তিনি বলেন, সরকারের বিচার সরকার করেছে। দলের বিচার দল করেছে। এখন আদালত কী করে সেটা দেখতে হবে। নির্বাহী ক্ষমতার অধিকারী সরকার এ ব্যাপারে কিছু করবে না। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো ডিকটেশন (নির্দেশ) দেওয়া যাবে না। 
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আমাদের অভিজ্ঞ প্রধানমন্ত্রী আছেন। তার ধৈর্য ও ত্যাগ নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। লতিফ সিদ্দিকীর বিষয়ে তাই এখনই অধীর ও অধৈর্য হওয়ার কিছু নাই। আইন আইনের গতিতে চলবে। এর কোনো ব্যতয় ঘটবে না।