অবৈধভাবে দোকান বরাদ্দের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক প্রশাসকসহ নয়জন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদকের উপ-পরিচালক মো. মাহবুবুল আলম বাদী হয়ে রাজধানীর রমনা থানায় মামলাটি (মামলা নং-৩৭) দায়ের করেন।
দুদক সূত্র জানায়, মামলায় যাদের আসামী করা হয়েছে তারা হলেন, ডিএসসিসির সদ্য অবসরে যাওয়া (বর্তমানে পিআরএল-এ) প্রশাসক মো. খলিলুর রহমান, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. সুলতান উল ইসলাম চৌধুরী, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন, সাবেক সম্পত্তি কর্মকর্তা (বর্তমানে বাগেরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা) মো. দিদারুল আলম, ডিএসসিসির সার্ভেয়ার মো. মুরাদ হোসেন, সৈয়দ রোমান, কাননগু মোহাম্মদ আলী, নীলক্ষেত সিটি করপোরেশন সুপার মার্কেট সমিতির সভাপতি এ কে এম শামছুদ্দিন ও সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন।
মামলার এজহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে নিজেদের পছন্দের মানুষকে দোকান/স্পেস বরাদ্দ দিয়ে সরকারি সম্পদের ক্ষতিসাধন করেছেন বলে মামলার এজাহারে বলা হয়েছে। দুদক দন্ডবিধি ৪২০/৪৬৬/৪৬৮/৪০৯/১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধের আইনের ৫(২) ধারায় মামলাটি করা হয়েছে।
