'নাৎসি ছবি' স্থান পাবে সুইস জাদুঘরে

আপডেট : ২৪ নভেম্বর ২০১৪, ১৯:৩৯
 
প্রয়াত কর্নেলিয়াস গারলিটের সংগ্রহে থাকা নাৎসি যুগের শতাধিক ছবি সুইজারল্যান্ডের রাজধানী বার্নের একটি জাদুঘরে স্থান দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জাদুঘরটির কর্তৃপক্ষ।
তবে জাদুঘরটির কর্তৃপক্ষ বার্লিনে এক সংবাদ সম্মেলনে জানিয়েছে যে কোন চুরি করা চিত্রকর্মকে তারা গ্রহণ করবেন না। নাৎসি যুগের ঐ শতাধিক ছবির অনেকগুলোকেই জার্মানিতে রাখা হবে তাদের আসল মালিক না পাওয়া পর্যন্ত।
গার্লিট ছিলেন হিটলারের শিল্পকর্ম দেখাশোনার কাজে নিযুক্ত ব্যক্তির সন্তান। গত মে মাসে ৮১ বছর বয়সে তিনি মারা যান। মারা যাওয়ার আগে তিনি সংগ্রহে থাকা ছবিগুলো বার্ন জাদুঘরের নামে উইল করে রেখেছিলেন। এই সংগ্রাহকের কাছে পিকাসো এবং মনেটের মত বিখ্যাত শিল্পীদের ছবিও ছিল।
২০১২ সালে জার্মানির বাভারিয়া রাজ্য কর্তৃপক্ষ তার বাড়িতে অভিযান চালিয়ে ১২৮০টি শিল্পকর্ম জব্দ করেছিল। নাৎসি যুগের শিল্পকর্ম অবৈধভাবে রাখার দায়ে সেসময় তার বিচার নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল।