ঐশীর জামিন নাকচ

আপডেট : ২৪ নভেম্বর ২০১৪, ২০:১১
 
পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা বাবা মাহফুজুর রহমান হত্যা মামলায় ঐশীর জামিন নাকচ করেছে ট্রাইব্যুনাল। একইসঙ্গে অভিযোগ গঠনের জন্য ৩০ নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। 
সোমবার এ মামলায় আসামিদের উপস্থিতির জন্য দিন ধার্য ছিল। গত ১৮ নভেম্বর মামলাটি বিচারের জন্য ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসে।   
এদিন ঐশীর আইনজীবী মাহবুব হাসান রানা তার জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে  ট্রাইব্যুনালের বিচারক এবিএম সাদেকুর রহমান জামিন নাকচ করে অভিযোগ গঠনের শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করেন। মামলার ধার্য তারিখে ঐশীসহ মামলার তিন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। 
গত ২১ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের প্রজ্ঞাপন জারির পর ঢাকা মহানগর দায়রা আদালত থেকে মামলাটি বিচারের জন্য ট্রাইব্যুনালে পাঠানো হয়।
এর আগে গত ৬ মে মহানগর দায়রা জজ আদালত ঐশী ও তার দই বন্ধুর বিরুদ্ধে অভিযোগ  গঠন করেন। অভিযোগপত্রভুক্ত ৫৭ জন সাক্ষির মধ্যে বাদীসহ ১৯ জনের সাক্ষ্য গ্রহণ করেন।
২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর মালিবাগের চামেলীবাগে নিজেদের বাসা থেকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (পলিটিক্যাল শাখা) ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এরপর দিন তাদের মেয়ে ঐশী রহমান রমনা থানায় নিজে আত্মসমর্পণ করেন।