চাঁদা দাবির মামলায় কারাগারে যুবলীগ নেতা সুফি সাগর

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের বনানী থানার সাংগঠনিক সম্পাদক সুফি সাগর শামসকে চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী রাওমান স্মিতা।

তিনি জানান, বুধবার এ মামলায় তার জামিন বাতিল করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আইনজীবী রাওমান স্মিতা বলেন, গত ২৩ আগস্ট সুফি সাগরকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে। পরে আদালত তাকে শর্তসাপেক্ষে জামিন দেন। জামিনে মুক্ত হওয়ার পর তিনি আবারও বিভিন্ন প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন তিনি। এ কারণে তার জামিন বাতিল চেয়ে আদালতে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, সুফি সাগর শামসের বিরুদ্ধে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্‌ফ) বাংলাদেশ কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন মামলা করেন। মামলার পর গত ২৭ আগস্ট তাকে গ্রেপ্তার করা হয় এবং পরে তিনি জামিনে মুক্তি পান। সর্বশেষ ২৩ সেপ্টেম্বর আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৩ জুন ও ৩০ জুন আসামি সুফি সাগর হামদর্দের কাছে ১ কোটি টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে প্রতিষ্ঠানের ব্যবসা বন্ধ করে দেওয়া, সুনাম ক্ষুণ্ন করা এবং ভয়ভীতি দেখানোর হুমকি দেওয়া হয় বলেও মামলায় অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া দীর্ঘদিন ধরে হামদর্দের নাম ও প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করে অর্থ আদায়ের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন এবং প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার মতো কর্মকাণ্ড চালিয়ে আসার অভিযোগও করা হয়েছে সুফি সাগরের বিরুদ্ধে।

 
ইত্তেফাক/এমএসআর