জার্মানির বার্লিনস্থ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. পিটার আইগেন বলেছেন, গার্মেন্টস সেক্টরের চলমান সমস্যা সমাধান এবং দুর্নীতি কমাতে সিভিল সোসাইটি, প্রাইভেট সেক্টর ও সরকারকে যৌথভাবে কাজ করতে হবে। এ জন্য সিভিল সোসাইটিকে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, আপাত দৃষ্টিতে সিভিল সোসাইটি, প্রাইভেট সেক্টর ও সরকারকে বিপরীতমুখী মনে হলেও তারা একসাথে কাজ করতে পারে। তাদের ত্রিমুখী আন্দোলনের মাধ্যমে সমাজের সকল খাত থেকে দুর্নীতি দূর করতে হবে।
সোমবার রাজধানীর বনানীস্থ টিআইবি’র কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন। ড. পিটার আইগেনের চার দিনের বাংলাদেশ সফরের অভিজ্ঞতা বিনিময় করতে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, উপ-নির্বাহী পরিচালক সুমাইয়া খায়ের প্রমুখ উপস্থিত ছিলেন।
বার্লিনস্থ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) প্রতিষ্ঠাতা বলেন, গার্মেন্টস খাতে কর্মরত ৪০ লাখ কর্মীর ভাগ্য বদলাতে কাজ করতে হবে। তাদের স্বার্থ রক্ষা করতে হবে।
